চট্টগ্রামে কারখানা থেকে রঙ-কাঠের গুড়া মিশ্রিত ৯০০ কেজি ভেজাল মসলা উদ্ধার

spot_img

মো.মুক্তার হোসেন বাবু: চট্টগ্রাম মহানগরীর চাক্তাই এলাকায় একটি মসলা তৈরির কারখানা থেকে রঙ ও কাঠের গুড়া মিশ্রিত ৯০০ কেজি ভেজাল মসলা জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে মিয়াখাননগর ব্রিজের পাশে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় ভেজাল মসলা তৈরির দায়ে কারখানার মালিক বাচ্চু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক অভিযানে উপস্থিত ছিলেন।

- Advertisement -

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, মিয়াখাননগর ব্রিজের পাশে একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। এসময় সেখান থেকে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, কয়লা, কাঠের গুড়া এবং অত্যন্ত নিন্মমানের ভূষি মিশ্রিত ৯০০ কেজি ভেজাল মসলা জব্দ করা হয়। কারাখানার মূল মালিক বাচ্চু মিয়াসহ ৪ শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। মূলত এগুলো ব্যবহার করে ওই কারখানায় হলুদের গুড়া এবং মরিচ গুড়া তৈরি করা হচ্ছিল। পরে মূল অভিযুক্ত বাচ্চু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা এবং ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জব্দকৃত মালামাল জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে এরূপ ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন। এ বছর রমজানে চট্টগ্রামে যেন এরকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সর্বশেষ