spot_imgspot_img
spot_imgspot_img

‘মেসিকে ঘুম পাড়িয়ে আমরা ফাইনালে যাচ্ছি’

spot_img

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনাল মানেই বাড়তি উত্তেজনা। আর প্রতিপক্ষ যদি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাহলে সেই উত্তাপ মাঠে গড়ানোর আগেই ছড়িয়ে পড়ে আলোচনায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেমিফাইনালে লিওনেল মেসিদের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে টইটম্বুর ইংল্যান্ড শিবির। সেই আত্মবিশ্বাসের সবচেয়ে জোরালো প্রকাশ ঘটিয়েছেন সাবেক ইংলিশ মিডফিল্ডার জো কোল।

- Advertisement -

নেটফ্লিক্স স্পোর্টসের একটি আলোচনায় গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার ও মিকা রিচার্ডসের সঙ্গে বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে কোলের মন্তব্য মুহূর্তেই আলোচনার জন্ম দেয়।
‘আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, ১০০ শতাংশ নিশ্চিত,’—দৃঢ় কণ্ঠে বলেন সাবেক চেলসি ও লিভারপুল তারকা।

তার এমন মন্তব্যে স্টুডিওতে উপস্থিত অন্যরা কিছুটা অস্বস্তিতে পড়েন। রসিকতার সুরে তারা বলেন, ‘এমন কথা এখনই বলো না!’ কিন্তু কোল নিজের অবস্থান থেকে একচুলও সরেননি।
‘আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপের ফাইনালে যাচ্ছি,’—যোগ করেন তিনি।

সতর্ক রিচার্ডস, আক্রমণাত্মক নেভিল

জো কোলের মতো অতটা নিরঙ্কুশ আত্মবিশ্বাস না দেখালেও সাবেক ডিফেন্ডার মিকা রিচার্ডস মনে করেন, আর্জেন্টিনাকে হারাতে হলে ইংল্যান্ডকে নিজেদের সেরাটা খেলতে হবে।

তার ভাষায়, ‘আর্জেন্টিনার খেলোয়াড়রা খুব চতুর, তাদের জেতার মানসিকতা অসাধারণ। তবে আমাদের গতির কাছে তারা টিকতে পারবে না। আমার বিশ্বাস, ইংল্যান্ডই জিতবে।’

অন্যদিকে সাবেক অধিনায়ক গ্যারি নেভিল মেসিকে নয়, নিশানা বানিয়েছেন আর্জেন্টিনার দুই সেন্টারব্যাক ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজকে।

নেভিল বলেন, ‘ওদের দেখে কখনো মনে হয় প্রতি ম্যাচে একটা করে গোল উপহার দেবে, আবার পরের মুহূর্তেই মনে হয় বিশ্বের সেরা ডিফেন্ডার। তাই আমি ওদের বিশ্বের সেরা এবং সবচেয়ে বাজে সেন্টারব্যাক জুটি বলি।’

যে মেসিকে একসময় ‘পারফেক্ট’ বলেছিলেন কোল

মজার বিষয় হলো, জো কোলের এই মন্তব্য তার আগের অবস্থানের সঙ্গে বেশ বৈপরীত্য তৈরি করেছে। কারণ অতীতে তিনি বহুবার প্রকাশ্যে লিওনেল মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় ক্রিশ্চিয়ানো রোনালদো রাতে ভাবেন, যদি মেসির মতো হতে পারতাম! মেসিই একমাত্র ফুটবলার, যিনি সবকিছু অর্জন করেছেন। তিনিই শান্তিতে ঘুমাতে পারেন।’

সেই কোলই এখন বলছেন, ইংল্যান্ডের লক্ষ্য হবে মেসিকে ‘ঘুম পাড়িয়ে’ ফাইনালের টিকিট নিশ্চিত করা।

মাঠে নামার আগেই উত্তপ্ত সেমিফাইনাল

ফুটবলের অন্যতম দুই পরাশক্তির এই লড়াই শুধু দুই দলের নয়, দুই ফুটবল দর্শনেরও। একদিকে মেসির নেতৃত্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে টমাস টুখেলের অধীনে নতুন রূপে গড়ে ওঠা ইংল্যান্ড।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল।

মাঠে ৯০ কিংবা ১২০ মিনিটের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে ইতোমধ্যেই এগিয়ে গেছেন সাবেক ইংলিশ তারকারা। এখন দেখার বিষয়, জো কোলের আত্মবিশ্বাস বাস্তবে রূপ নেয়, নাকি শেষ হাসি হাসেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ