ক্রীড়া ডেস্ক: এবারের বিশ্বকাপে শুরু থেকেই রেফারি ও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্ত নিয়ে বেশি আলোচনা হচ্ছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারি ও ভিএআরের সিদ্ধান্ত কাঠগড়ায় তুলছেন কেউ কেউ। অনেকের অভিযোগ, ভিএআরের সুবিধা পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিওনেল মেসিদের কি বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে? কী বলছে ভিএআর-এর তথ্য?
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোর ম্যাচগুলোর ওপর ভিত্তি করে ‘প্রতি ১০০ ফাউলে ভিএআর (VAR) হস্তক্ষেপের হার’ নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ। বিশ্লেষণে দেখা গেছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর-এর সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে মেক্সিকো। তালিকায় দুইয়ে আছে আর্জেন্টিনা এবং তিনে পর্তুগাল। অনন্যদিকে, এই প্রযুক্তির মারপ্যাঁচে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়া।
তালিকার শীর্ষে রয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। আয়োজক দেশটির পক্ষে ৭.৮ শতাংশ সিদ্ধান্ত গিয়েছে। তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায়নি। ভিএআর-এর সুবিধার নিরিখে আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের পক্ষে গিয়েছে ৬.৭ শতাংশ সিদ্ধান্ত। বিপক্ষে অবশ্য একটিও যায়নি।
উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচে ভিএআর একবারের জন্যও হস্তক্ষেপ করেনি। যা হয়েছে রাউন্ড অফ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালে। ফলে ভিএআর-এর সাহায্যে আর্জেন্টিনা এগোচ্ছে, তার প্রমাণ নেই। তবে ভিএআর-এর বেশ কিছু সিদ্ধান্ত মেসিদের পক্ষে গিয়েছে।
ভিএআর থেকে তৃতীয় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে পর্তুগাল। তাদের পক্ষে দিয়েছে ৪.৬ শতাংশ সিদ্ধান্ত। বিপক্ষে একটিও নেই। ভিএআরের সিদ্ধান্তে সবচেয়ে ক্ষতি হয়েছে ক্রোয়েশিয়ার। রাউন্ড অফ ৩২-এ পর্তুগালের বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে তাদের একটি গোল ভিএআর বাতিল করেছে। ফলে বিদায় নিতে হয়েছে লুকা মদ্রিচদের। হিসাব বলছে, ৬.৫ শতাংশ সিদ্ধান্ত ক্রোয়েশিয়ার বিপক্ষে গিয়েছে। তাদের পক্ষে একটি সিদ্ধান্তও যায়নি। দ্বিতীয় স্থানে ইরান। তাদের বিপক্ষে গিয়েছে ৫.৪ শতাংশ সিদ্ধান্ত। তাদের পক্ষেও কোনও সিদ্ধান্ত যায়নি।
ভিএআর-এর সুবিধা পাওয়া শীর্ষ ৫ দল
মেক্সিকো — ৭.৮ (পক্ষে), ০.০ (বিপক্ষে)
আর্জেন্টিনা — ৬.৭ (পক্ষে), ০.০ (বিপক্ষে)
পর্তুগাল — ৪.৬ (পক্ষে), ০.০ (বিপক্ষে)
নিউজিল্যান্ড — ৪.২ (পক্ষে), ০.০ (বিপক্ষে)
সৌদি আরব —৩.৬ (পক্ষে), ০.০ (বিপক্ষে)
ক্ষতিগ্রস্ত শীর্ষ ৫ দল ক্রোয়েশিয়া— ০.০ (পক্ষে), ৬.৫ (বিপক্ষে)
ইরান— ০.০ (পক্ষে), ৫.৪ (বিপক্ষে)
কাতার— ০.০ (পক্ষে), ৫.১ (বিপক্ষে)
জার্মানি— ০.০ (পক্ষে), ৪.০ (বিপক্ষে)
ইংল্যান্ড— ০.০ (পক্ষে),৩.৫ (বিপক্ষে)




