মুহাম্মদ জাহাঙ্গীর আলম.চট্টগ্রাম
রাঙামাটির কাপ্তাই দুর্গম সীতাপাহাড়ে প্রবল বৃষ্টির কারণে পথ হারিয়ে ফেলা চট্টগ্রামের চার তরুণ পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২৮ আগষ্ট) দিবাগত রাতে তাদের উদ্ধার করা হয়। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন পর্য়টকদের উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া পর্যটকরা হলেন মো. রবিউল আলম (২২), সাইফুদ্দিন এমদাদ (২৫), মো. মামুন (২০), এবং মোস্তফা হাসেম সোহাগ (২৪)। উদ্ধারের সময় পাহাড় থেকে নামতে গিয়ে মোস্তফা হাসেম সোহাগ কিছুটা আহত হন বলে জানা গেছে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে আসা চার পর্যটক কাপ্তাইয়ের বালুচর এলাকা দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে সীতাপাহাড়ে ওঠেন। পরে বৃষ্টির কারণে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে যায়। এর মধ্যে সন্ধ্যা নেমে আসায় তারা পথ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। ওইদিন রাতে পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়।
স্থানীয় সচেতম মহলের অভিমত , দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। বৃষ্টির সময় পিচ্ছিল পাহাড়ি পথে চলাচল এবং বিকেল ৫টার পর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা বা নির্জন বনাঞ্চলে প্রবেশ এড়িয়ে চলা উচিত। অপরিচিত পাহাড়ি এলাকায় স্থানীয় গাইড ছাড়া না যাওয়ারও পরামর্শ দিয়েছেন বিজ্ঞমহল।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন পর্যটকদের উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বন বিভাগ সুত্রে প্রকাশ, কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। তবে অনেক পর্যটক স্থানীয় গাইড ছাড়া কর্ণফুলী নদী, কাপ্তাই হ্রদ ও দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল করেন। এতে পথ হারানো, নদীতে প্রাণহানী এবং বন্য প্রাণীর মুখোমুখি হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে কাপ্তাইয়ের বালুচর, সীতাপাহাড়, ব্যাঙছড়িসহ বিভিন্ন এলাকায় হাতির চলাচল ও অবস্থান রয়েছে। এসব এলাকায় বন বিভাগের পক্ষ থেকে সতর্কতামূলক সাইনবোর্ড ও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকেও পর্যটকদের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করার জন্য সতর্ক করা হলেও অনেকেই তা উপেক্ষা করে বলে অভিযোগ স্থানীয়দের। পর্যটকদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
রাঙ্গামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ে পথহারা চট্টগ্রামের ৪ তরুণ পর্যটক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক




