ঢাকা থেকে সিএমপির অভিযানে গ্রেপ্তার ৪ আন্তঃজেলা চোর

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদে একটি ব্যাটারি ও আইপিএসের দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দর এলাকা থেকে চুরি যাওয়া ৩২টি আইপিএস ও ৩৭টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফরিদ (২৭), মো. ফয়সাল (২৭), মো. সোহাগ (৪১) ও মো. শাহীন আলম (৪৮)। তাদের মধ্যে ফরিদ ও ফয়সালকে ঢাকার বনানীর কড়াইল বস্তি এলাকা থেকে, সোহাগকে গুলশানের ২৪ নম্বর রোড এলাকা থেকে এবং শাহীন আলমকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নগরের আগ্রাবাদ হাজীপাড়া এক্সেস রোডে ‘হাজী ব্যাটারি হাউস’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন মো. শামীম হোসেন (২৯)। গত ১৯ আগস্ট রাত ১১টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যান শামীম। পরদিন ঘটনাস্থলে গিয়ে শামীম দেখতে পান, দোকানের তালা ও গ্লাস ভাঙা এবং শাটার খোলা। বিভিন্ন কোম্পানির ৬৩টি ব্যাটারি ও ৩২টি আইপিএস নেই। চুরি যাওয়া মালামালের মোট মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ শাহীনূর আলম বলেন, আমরা প্রায় ১ হাজার ৭০০টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি। পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাইরে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ফরিদ ও ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে আরও দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই।

সর্বশেষ