spot_imgspot_img
spot_imgspot_img

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ভয়াবহ বন্যার তিন দিন পর কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাসুওয়া জেলার তিমুরে গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সম্প্রতি ভোতে কোশি নদীর পানি উপচে রাসুওয়া জেলার তিমুরেসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ভয়াবহ এ বন্যায় বহু মানুষ নিখোঁজ হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানোর সময় আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) সদস্যরা তিমুরে গ্রামের একটি ধ্বংসস্তূপের নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান।

- Advertisement -

পরে শনিবার (২৯ আগস্ট) আবহাওয়া কিছুটা উন্নতি হলে শিশুটিকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বর্তমানে সে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

শিশুটিকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এপিএফ সদস্যদের প্রশংসা করছেন অনেকে। উদ্ধারকর্মীদের অব্যাহত প্রচেষ্টার কারণেই শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। একই সঙ্গে শিশুটির পরিবারের সদস্যদের খুঁজে বের করে তার সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন অনেকে।

এদিকে ভয়াবহ বন্যার পর নেপালে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ ও মানুষের পুনর্বাসনে বিপুল অর্থের প্রয়োজন হতে পারে। ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়নের পর পুনর্গঠনের পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি।

উদ্ধারকারী দলগুলোর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৭৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নেপালে এখনো ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই দুর্যোগের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে তিন দিন পর ছয় বছরের শিশুটির জীবিত উদ্ধারের ঘটনা উদ্ধার অভিযানে নতুন করে আশার আলো দেখিয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ