হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরুর কয়েক মিনিটের ব্যবধানে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল সুপারট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার ও ম্যারিস্কস সোমবার গভীর রাতে এ তথ্য নিশ্চিত করেছে।
ম্যারিস্কস জানিয়েছে, প্রায় একই সময়ে ঘটে যাওয়া হামলার কারণে ওমানের জলসীমায় তৈরি নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওমানের খাসাবের কাছে হরমুজ প্রণালি ছাড়ার সময় দুটি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়।
কেপলার জানিয়েছে, হামলার শিকার ট্যাংকার দুটি গত সপ্তাহে সৌদি আরবের জুয়াইমাহ টার্মিনাল থেকে ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল সংগ্রহ করেছিল। গত আগস্টে হরমুজ প্রণালির অভ্যন্তরীণ এলাকা থেকে সৌদি আরামকো পুনরায় তেল লোড ও বিক্রির কার্যক্রম শুরু করে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের অবরোধ এবং কড়াকড়ির কারণে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও বাড়ছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহকারী হরমুজ প্রণালি সচল রাখতে কাতার ও ওমান মধ্যস্থতার উদ্যোগ নেয়। তবে এখন পর্যন্ত এসব উদ্যোগ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
জুলাইয়ের শেষভাগের পর মঙ্গলবারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথমবারের মতো পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও হামলার হুমকি দিয়েছেন। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও; মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।
ম্যারিস্কসের তথ্য অনুযায়ী, সোমবার ভোরে ওমানের খাসাব থেকে প্রায় ১৬ দশমিক ৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে সৌদি পতাকাবাহী ‘সিদর’ নামের একটি বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসি অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
এর কয়েক মিনিট পর খাসাব থেকে আনুমানিক ১৭ নটিক্যাল মাইল পূর্বে লিবিয়ার পতাকাবাহী ‘সেনেগাল প্রসপারিটি’ নামের আরেকটি ভিএলসিসিও হামলার শিকার হয়। ম্যারিস্কস জানিয়েছে, ওই জাহাজে তিনটি অজ্ঞাত বস্তু আঘাত হানে। তবে জাহাজটির সব ক্রু নিরাপদে রয়েছেন।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স বা ইউকেএমটিও একই এলাকায় হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকারে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার তথ্য জানিয়েছে।
‘সিদর’-এর পরিচালনাকারী প্রতিষ্ঠান বাহরি এবং ‘সেনেগাল প্রসপারিটি’-এর পরিচালনাকারী প্রতিষ্ঠান সিনোকোরের সঙ্গে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার সকালে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণ করিডোর অতিক্রম করার সময় সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারকে গতিরোধ করে আটক করা হয়েছে।




