ডেঙ্গুর বিস্তার রোধে দেশবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় ব্যয় করার পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
বুধবার (১৪ অক্টোবর) এক ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর এ বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ও জনগণ একসঙ্গে কাজ করলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষের সম্মিলিত অংশগ্রহণের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সবাই মিলে উদ্যোগ নিলে অন্যান্য সমস্যারও সমাধান করা সম্ভব।
ডেঙ্গু পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায়ই সংবাদমাধ্যমে এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সী মানুষের অসুস্থ হওয়া ও মৃত্যুর খবর প্রকাশিত হচ্ছে। স্বজন হারানোর কষ্ট অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া এবং প্রাণহানির ঝুঁকি কমাতে মানুষকে সহায়তা করা সম্ভব।
তারেক রহমান জানান, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট ও রেড ক্রসসহ বিভিন্ন সংগঠনের প্রায় ৪০ লাখ সদস্য রয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। ঘরের আনাচকানাচ, বাড়ির আশপাশ, সড়কের পাশ কিংবা বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং পানি জমার উপযোগী ময়লা-আবর্জনা মশার প্রজননস্থল হয়ে উঠতে পারে। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার করা জরুরি।
ডেঙ্গু প্রতিরোধে টিকার চেয়ে মশার প্রজননস্থল নির্মূলের ওপর বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, ডেঙ্গুর টিকা নিয়ে বিভিন্ন পরীক্ষায় এর কার্যকারিতা সম্পর্কে সীমাবদ্ধতার বিষয় উঠে এসেছে। এ কারণে জমে থাকা পানি অপসারণ ও ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার বন্ধ করাকে তিনি সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক ব্যক্তি ও পরিবার যেন সপ্তাহে অন্তত দুই দিন ৩০ মিনিট থেকে এক ঘণ্টা সময় নিয়ে নিজেদের ঘর, বাড়ির আশপাশ এবং চলাচলের পথে সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার করেন। এর মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলেই একটি সরকার সফল হয়। তাঁর সরকার দেশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে ডেঙ্গুর কারণে বহু মানুষের প্রাণহানি ঠেকানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।

