দেশের মর্যাদা ও সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশের অভ্যন্তরে ও বাইরে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকার সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের নেতাকর্মীদের প্রতিটি পূজামণ্ডপের কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, নিরাপত্তার জন্য পাহারার ব্যবস্থা এবং ধর্মীয় পরিবেশ ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, নবাবগঞ্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক মানুষের বসবাস রয়েছে। ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এ এলাকার মানুষের কাছে জনপ্রিয়। তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হিন্দু, মুসলমান ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে রিজভী বলেন, তিনি বহুবার এ এলাকায় এসেছেন এবং দেখেছেন, খন্দকার আবু আশফাক স্থানীয় মানুষের সুখ-দুঃখ ও নানা প্রয়োজনে পাশে থাকেন। এ কারণে আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভী।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, বাংলাদেশ সবার দেশ। এখানে প্রত্যেকেই নিজ নিজ জীবনধারা অনুযায়ী বসবাস করবেন এবং স্বাধীনভাবে ধর্ম পালন করবেন। কোনো ধর্মকে অবজ্ঞা বা ছোট করে দেখার সুযোগ নেই। পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়েই সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সব সময় স্থানীয় বাসিন্দাদের পাশে থাকবেন। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধ্যেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ