মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এর মধ্যে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ টাকা এবং উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
চউক সূত্র জানায়, এর আগে পরিদর্শন ও সংশ্লিষ্ট বৈঠকে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল এবং উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা দিয়ে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবনমালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে জরিমানা করা হয় ৫ লাখ টাকা।
অভিযান চলাকালে ফ্রোবেল প্লে স্কুলের বিভিন্ন বিষয়ও পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চউক কর্তৃপক্ষের মতে, নগরে যানজটের চাপ কমানো এবং পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিয়ম মেনে ভবন ও প্রতিষ্ঠান পরিচালনা করা জরুরি। নির্ধারিত নিয়মের ব্যত্যয় ঘটলে এবং সতর্ক করার পরও সংশোধন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবনমালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চউক চেয়ারম্যান বলেন, “নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিদর্শন, সতর্কীকরণ এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবন মালিকদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
নগরের যানজট কমাতে পার্কিং ব্যবস্থাপনায় নিয়ম মানা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন কতটা হচ্ছে, তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে চউক।

