নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌর শহরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। তাঁর মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আলিফ ফকির রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন আলিফ। তাঁর গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে তাঁর শ্বশুরবাড়ি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ির কাছে একটি দোকানে গিয়েছিলেন আলিফ। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন দুই অজ্ঞাতনামা যুবক। দোকান থেকে বের হওয়ার সময় ওই দুজন তাঁর ওপর একাধিক গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বর্ণনা দিয়ে দোকানি রবীন রাংসা বলেন, ‘আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে আসে। যাওয়ার সময় মোবাইল ফোন রেখে চলে যায়। এরপর আবার ফোন নিতে আসে। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় দুজন ব্যক্তিও পেছন দিয়ে যায়। পরেই আমি গুলির শব্দ শুনি। ভয় পেয়ে আমিও দোকানের ভেতরে চলে যাই।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান সাংবাদিক হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলিফের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
কারা এবং কী কারণে আলিফ ফকিরকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীদের পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদ্ঘাটনে তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।
সূত্র: প্রত্যক্ষদর্শী ও দুর্গাপুর থানা পুলিশ

