দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা গেলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের মানুষের কল্যাণে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখা জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, দেশের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় রাখা গেলে নিয়মিত উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমেও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
গত কয়েক বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের নানা প্রতিকূলতা পেরিয়ে দেশে স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ ফিরে এসেছে। এই পরিবেশ ধরে রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে, এখন মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশের মানুষ নানা সময়ে অভাব-অনটন ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। এসব সমস্যা কাটিয়ে মানুষের স্বাভাবিক জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানুষের কল্যাণে কাজ করতে না পারলে শিক্ষা, সামাজিক অবস্থান কিংবা রাজনীতির প্রকৃত মূল্য থাকে না।
সরকারের উন্নয়ন উদ্যোগ প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নিয়ে দেশ পরিচালনার কার্যক্রম শুরু করেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও রাজনৈতিক সংগ্রামের কথাও উল্লেখ করেন।
রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জাতীয় সংসদে বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হলেও অনেক সময় সংসদের বাইরে সেই ইতিবাচক পরিবেশ বজায় রাখা যায় না। আবেগের বশবর্তী হয়ে বা উত্তেজিত হয়ে এমন কোনো কর্মসূচিতে জড়ানো উচিত নয়, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থ ও সম্ভাব্য প্রভাব বিবেচনায় রাখা প্রয়োজন।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

