দরজা বন্ধ, ডাকাডাকিতেও সাড়া নেই; মই দিয়ে উঁকি দিতেই মেয়ের ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক:
spot_img

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে মই দিয়ে উঁকি দেন মা। তখনই চোখে পড়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

- Advertisement -

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের হাজী এমরাত আলী মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আফরিয়া সুলতানা প্রিয়া (১৪) স্থানীয় শিবপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে ওই বাড়ির মো. আবুল কাশেম ড্রাইভারের মেয়ে।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার বিকেলে প্রিয়ার মা বিলকিস আক্তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে ফিরে তিনি বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই দিয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে মায়ের ওপর অভিমান করে প্রিয়া আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সর্বশেষ