প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে উদ্যোগী সরকার, আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সমাজের প্রতিটি মানুষের মর্যাদা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি সমাজের যেসব মানুষের বাড়তি সহায়তা ও যত্ন প্রয়োজন, তাদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।

- Advertisement -

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ৩০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নিজেদের সমস্যা, প্রত্যাশা ও বিভিন্ন প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী এবং কয়েকটি দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজনীতি ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি দপ্তর, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের দাবি জানান বক্তারা। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

সভায় কৃষিকাজে আগ্রহী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহযোগিতা প্রদান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল এবং ঢাকা ও অন্যান্য বড় শহরে চলাচল উপযোগী গণপরিবহন নিশ্চিত করার প্রস্তাবও উঠে আসে। এসব বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন সরকারপ্রধান।

প্রশিক্ষণের বিষয়টি সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ায় এ খাতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নির্দেশনা দেওয়া হবে, যাতে তারা নিজেদের দক্ষতা বাড়িয়ে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারেন।

প্রধানমন্ত্রী আরও জানান, সরকার গঠনের পর বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভাতার পরিমাণ ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে সরকারের আর্থিক সক্ষমতা বাড়লে এ ভাতার পরিমাণ আরও বাড়ানো হবে।

সভায় মানবিক দৃষ্টান্তও তুলে ধরেন প্রধানমন্ত্রী। মো. মহসিন নামের এক প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে একটি টুপি নিয়ে এলে তিনি নিজেই মঞ্চ থেকে নেমে এসে উপহারটি গ্রহণ করেন। এ সময় বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে উপস্থিত সবার অনুরোধে একটি যৌথ ছবিতেও অংশ নেন প্রধানমন্ত্রী।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সভায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, আলোচনায় উঠে আসা প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে সমাজের মূলধারায় তাদের অংশগ্রহণ আরও বাড়বে।

সর্বশেষ