এনসিটি ইস্যুতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অনশন স্থগিত

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে ঘোষিত আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার (১৮ অক্টোবর) ঢাকায় নৌপরিবহনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সোমবার (১৯ অক্টোবর) থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদের যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম হোসেন খোকন। তিনি জানান, সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ায় আপাতত আমরণ অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইব্রাহিম হোসেন খোকন বলেন, বৈঠকে নৌপরিবহনমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব বেশ কিছু বিষয়ে তাঁদের আশ্বস্ত করেছেন। তবে একটি বৈঠকের মধ্য দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সরকারের সঙ্গে আরও আলোচনা হবে বলে তাঁরা আশা করছেন।

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় পরিষদ অনশন কর্মসূচি স্থগিত করেছে। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা প্রয়োজন বলেও জানান তিনি।

উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনালের ইজারা চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তা নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এরই ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দর ওয়ান স্টপ ভবনের সামনে প্রতীকী গণঅনশন পালন করে সংগঠনটি। ওই কর্মসূচি শেষে ১৯ অক্টোবর থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। এখন শ্রমিকদের দাবির বিষয়ে পরবর্তী আলোচনায় কী সিদ্ধান্ত আসে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।

সর্বশেষ