ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাড় নয়, অনড় রাশিয়া-ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বহীন করে তোলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাসঙ্গিক প্রস্তাবগুলো বাস্তবায়নে রাশিয়া ও ইরান নিজেদের অবস্থানে অটল রয়েছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন সংকটকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রাখার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।

- Advertisement -

সোমবার (১৯ অক্টোবর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লাভরভ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক আলোচ্যসূচির পেছনের সারিতে সরিয়ে দেওয়ার পাশাপাশি এ-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবের গুরুত্ব ও কার্যকারিতা কমিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সফল করতে হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসংক্রান্ত প্রাসঙ্গিক প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি লেবানন বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবগুলো কার্যকর করার পক্ষেও রাশিয়া ও ইরান দৃঢ় অবস্থানে রয়েছে।

এদিকে ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়নের বিষয়েও রাশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন লাভরভ। তিনি জানান, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তেহরানের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া থেকে মস্কো সরে আসবে না।

লাভরভের ভাষ্য, বিভিন্ন কঠিন পরিস্থিতি ও প্রতিবন্ধকতা থাকলেও ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী রাশিয়া। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নে মস্কোর প্রচেষ্টা চলমান থাকবে।

সূত্র: তাস

সর্বশেষ