হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পেতে অপেক্ষার সময় কমে ১৫ থেকে ২০ মিনিটে নেমে এসেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য পান তিনি। একই সঙ্গে যাত্রীসেবার বর্তমান মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শনে যান তিনি। এ সময় সেখানে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লাগেজ সংগ্রহসহ সার্বিক সেবা সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানতে চান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত সাত মাসের প্রচেষ্টায় বিমানবন্দরের যাত্রীসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ হাতে পাচ্ছেন। সেবার এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অর্জিত মান ধরে রাখতে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’—এই পরিকল্পনার বিভিন্ন উদ্যোগ পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রায় দুই মাস আগে লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর ফলে যাত্রীরা লাগেজ ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি তথ্য জানতে পারছেন এবং এতে তাদের স্বস্তি বাড়ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমানো, সেবার মান উন্নত করা এবং লাগেজ ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
সৌদি রুটে ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থার উদ্যোগ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে আপাতত এ রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করা সম্ভব হবে।
এ পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, কিছু যাত্রীকে দাম্মাম অথবা মদিনা রুটে পরিবহনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করা হচ্ছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত হয়ে পড়ায় সরাসরি ও ট্রানজিট রুটের একাধিক ফ্লাইট স্থগিত হয়েছে। এতে হাজারো যাত্রী সমস্যায় পড়েছেন। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে না পারা প্রবাসীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সেবার মান বাড়ানো এবং লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালু করা হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা লাগেজ ব্যবস্থাপনার প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন।
মন্ত্রী পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

