spot_imgspot_img
spot_imgspot_img

চাঁদাবাজ গ্রেফতার করে হাতকড়া পরিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের মাইকিং

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে চাঁদার দাবিতে একাধিক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয়ভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ফারুক ওরফে কালা ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। পরে হাতকড়া পরানো অবস্থায় তাকে নিয়ে এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করা হয়।
আজ রোববার বিকেলে কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ফারুক ও তার সহযোগীরা চাঁদার দাবিতে হুমকি দিতেন। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। এর মধ্যে তার হুমকি দেওয়ার একাধিক সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ফারুক স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ। তাকে সামনে রেখেই চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করা হয়েছে, যাতে অন্য সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজরা সতর্ক হয়। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বসিলায় দোকান ও মার্কেটে চাঁদার দাবিতে হুমকির ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফারুক আত্মগোপনে যান। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন আহমেদ ফারুককে সঙ্গে নিয়ে এলাকায় মাইকিং করেন। প্রচারে তিনি বলেন, কেউ যেন চাঁদা না দেন এবং কোথাও চাঁদাবাজ দেখলে তাকে ধরে পুলিশকে খবর দেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ