নিজস্ব প্রতিবেদক :জনগণের সমর্থন যতদিন বিএনপির সঙ্গে থাকবে, ততদিন কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির রাজনীতির একমাত্র উৎস জনগণ। তাই দেশের প্রতিটি মানুষ যেন আরও ভালোভাবে বাঁচতে পারে, উন্নত জীবনযাপন করতে পারে, সেটিই বর্তমান সরকারের লক্ষ্য ও রাজনৈতিক দর্শন।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। একই সঙ্গে করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই অঙ্গীকার নিয়েই সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে দেশকে একটি প্রত্যাশিত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে একসঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে দেশকে পুনর্গঠন করে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দেশকে এগিয়ে নিতে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল ১০টায় বাটাজোর ইউনিয়নের বাটাজোর-সরিকল খাল পুনঃখনন প্রকল্পের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব বশির আহম্মেদ পান্নাসহ বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।




