নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ায় ঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কওমি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি আব্দুল খালেক। তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে তাদের উপস্থাপিত দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে ডাকা কর্মসূচিগুলো ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যের প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সেই কর্মসূচি থেকে উত্থাপিত তিন দফা দাবি পূরণ না হলে এনসিপির সব রাজনৈতিক কার্যক্রম প্রতিহতের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
পরবর্তীতে দাবি আদায় না হওয়ার অভিযোগে শনিবার সকালে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান প্রতিহতের ঘোষণা দিয়ে একই স্থানে নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় সংগঠনটি। এর ফলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ ও এনসিপির ইতিবাচক পদক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।




