নিজস্ব প্রতিবেদক :দেশ গঠনে ব্যর্থ হলে দেশের সব নাগরিককে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখনো ফ্যাসিবাদী শক্তিসহ দেশি-বিদেশি শত্রুরা সক্রিয় রয়েছে। তাই দুর্নীতি, মাদক, জুয়া ও ধর্ষণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জবাবদিহিমূলক প্রশাসন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের আত্মত্যাগ স্মরণ রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ১৭ বছরের দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার স্বাস্থ্যখাতে কোনো শয্যা না বাড়ালেও সরঞ্জাম কেনার নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। দক্ষ জনবলের অভাবে অনেক হাসপাতালে কোটি কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
বর্তমান সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, গত ৬ মাসে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং হাসপাতালের খাবারের মান বাড়ানো হয়েছে। আগামী তিন বছরের মধ্যে সব উপজেলা হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুই বছরের মধ্যে প্রতিটি উপজেলায় ১০টি ডায়ালাইসিস শয্যা স্থাপন এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যকল্যাণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে উন্নত চিকিৎসার জন্য মানুষকে আর বিদেশমুখী হতে না হয়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




