spot_imgspot_img
spot_imgspot_img

রাঙ্গুনিয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক
spot_img

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোজাম্মেল (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের বিষয়কে কেন্দ্র করে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় বাসিন্দা মোজাম্মেলের বিরোধ চলছিল। মঙ্গলবার এ বিষয় নিয়ে স্থানীয় বাজারে মোজাম্মেল হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিষয়টি মীমাংসা করে দেন।

তবে স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরে মোজাম্মেল ক্ষুব্ধ ছিলেন। পরে এশার নামাজ পড়তে যাওয়ার পথে অন্ধকার একটি স্থানে আব্দুল মান্নানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মান্নানের মৃত্যু হয়।

নিহতের ছেলে মো. মুন্না বলেন, পূর্ববিরোধের জেরে তার বাবার ওপর হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ