স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হলো নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করতে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী দুই মাসের মধ্যে বিমানবন্দরগুলোর নিরাপত্তা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে জমা দিতে হবে এ কমিটিকে।

- Advertisement -

গত ১৩ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটির অন্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বিমানবন্দরগুলোর বর্তমান নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে তা উন্নত করার উপায় চিহ্নিত করবে কমিটি। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়ন করে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটি প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করতে পারবে। কাজের প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে। এ ছাড়া কমিটির কার্যক্রম পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সরকারের এ উদ্যোগের লক্ষ্য হলো দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার বিদ্যমান অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপের সুপারিশ তৈরি করা। কমিটির সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

সর্বশেষ