দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা নেই: এসআরবি ডিজি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত নাশকতার কোনো হুমকি পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তবে উৎসব চলাকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম। পাশাপাশি দেশজুড়ে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।

- Advertisement -

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এসআরবি মহাপরিচালক।

মো. আহসান হাবীব পলাশ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের ধর্মীয় উৎসবগুলো যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন করা যায়, সে লক্ষ্যে দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের নাশকতা, সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট ইউনিটগুলো প্রস্তুত রয়েছে।

তিনি জানান, দুর্গাপূজার নিরাপত্তায় প্রতিদিন ২ হাজার ৪৫৭ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্যকে অন্তর্ভুক্ত করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে নিরাপত্তা জোরদার করতে প্রতিদিন ৫৪৯টি পিকআপ ও ৪৪৭টি মোটরসাইকেলের মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।

এসআরবি মহাপরিচালক আরও জানান, পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো স্থানে সন্দেহজনক তৎপরতা বা ঝুঁকির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সক্ষম হবে।

বাহিনীটির তথ্য অনুযায়ী, চলতি বছর সারা দেশে প্রায় ৩২ হাজার ৯৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।

এসআরবি সূত্র জানায়, গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময় বাহিনীর ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্য বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নিয়মিত টহলের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

সর্বশেষ