ইন্দোনেশিয়ায় দীর্ঘ শুষ্ক মৌসুমের মধ্যে দাবানল, প্রাণহানি ৪

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের জনপ্রিয় পর্যটন এলাকা মাউন্ট ব্রোমোতে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগুন নেভানোর সময় ছয়জন আগুনের মধ্যে আটকা পড়েন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায়। নিহতদের মধ্যে ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানের দুজন কর্মকর্তা এবং দুটি হোটেলের কর্মী রয়েছেন।

প্রোবোলিঙ্গো জেলার প্রধান মুহাম্মদ হারিস জানান, মাউন্ট ব্রোমো এলাকায় প্রায় প্রতিবছরই দাবানলের ঘটনা ঘটে। তবে আগুন নেভাতে গিয়ে এর আগে প্রাণহানির ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিকভাবে ১২ জন প্রচলিত নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করে কাজ শুরু করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধার ও নির্বাপণকাজে নিয়োজিত দলটি কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। এ সময় বাতাসের দিক দ্রুত পরিবর্তিত হলে ছয়জন আগুনের মধ্যে আটকা পড়েন। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় তাদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, ইন্দোনেশিয়ায় এবার স্বাভাবিকের তুলনায় দীর্ঘ সময় ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়াবিদদের মতে, এল নিনোর প্রভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যা বনাঞ্চলে আগুন লাগা ও তা দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।

দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া, শুকনো উদ্ভিদ এবং বাতাসের গতিপথের আকস্মিক পরিবর্তন দাবানল নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মাউন্ট ব্রোমোর সাম্প্রতিক এ ঘটনা অগ্নিনির্বাপণকাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় উদ্যানগুলোতে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এনেছে।

পর্যটকদের কাছে জনপ্রিয় মাউন্ট ব্রোমো এলাকায় এ প্রাণহানির ঘটনায় দাবানল মোকাবিলায় বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ