ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: দুর্গাপূজার বাণীতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

নিজস্ব প্রতিবেদক : দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেছেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সবার নিরাপত্তা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি।

- Advertisement -

শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে দেওয়া শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। তাঁর ভাষায়, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

বাণীতে প্রধানমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য তুলে ধরেন। হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল এবং অশুভ শক্তির বিনাশে দেবী দুর্গার আগমন ঘটে। সত্য ও সুন্দরের আরাধনা, অন্যায়ের বিনাশ এবং সৃষ্টির কল্যাণের বার্তা দুর্গোৎসবকে বিশেষ তাৎপর্য দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশের আবহমান ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম সৌন্দর্য হলো বিভিন্ন ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করা। ধর্মীয় উৎসব ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই গুরুত্বপূর্ণ শিক্ষা। মানবকল্যাণও প্রতিটি ধর্মের অন্যতম মূল লক্ষ্য। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি পালনের পাশাপাশি একে অন্যের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা প্রয়োজন। এর মাধ্যমেই সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বাণীতে তারেক রহমান বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বড় কর্মযজ্ঞ। এই প্রক্রিয়ায় ধর্মীয় পরিচয়, রাজনৈতিক মত কিংবা বর্ণের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকার যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসাহ-উদ্দীপনা নিয়ে নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে উৎসব উদযাপন করতে পারেন।

বাণীতে তাঁর প্রত্যাশা, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরও জোরদার হবে এবং সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে বাংলাদেশ হয়ে উঠবে আরও নিরাপদ, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র।

সর্বশেষ