উড়তে পারা, শূন্যে ভেসে থাকা এবং ডিগবাজি দেওয়ার মতো অভিনব প্রযুক্তির প্রদর্শনীর মাধ্যমে নতুন রোডস্টার নিয়ে চমক দেখিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে গাড়িটির বিশেষ সংস্করণ প্রদর্শন করা হয়। প্রায় নয় বছর পর নতুন রোডস্টার সামনে এনে এর গতি ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সাদা রঙের বৈদ্যুতিক স্পোর্টস কারটিকে মাটি থেকে ওপরে উঠে ভাসতে, উল্টে যেতে এবং একাধিক গাড়ির ওপর দিয়ে কসরত দেখিয়ে অবতরণ করতে দেখা যায়।
টেসলার দাবি, নতুন রোডস্টারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৭০ কিলোমিটারের বেশি হতে পারে। পাশাপাশি বিশেষ থ্রাস্টার প্রযুক্তির সহায়তায় স্থির অবস্থা থেকে ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতি তুলতে সময় লাগবে এক সেকেন্ডেরও কম। গাড়িটির অসাধারণ গতির পাশাপাশি শূন্যে ভেসে বিভিন্ন কৌশল প্রদর্শনের সক্ষমতাও তুলে ধরা হয়।
প্রদর্শনীর একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন ইলন মাস্ক। ভিডিওতে গাড়িটিকে দ্রুতগতির নানা কসরত করতে দেখা যায়। এ সময় আলোকসজ্জা ও ঘন ধোঁয়া ব্যবহার করে প্রদর্শনীকে আরও আকর্ষণীয় করে তোলা হয়।
টেসলা জানিয়েছে, গাড়িটির বিশেষ প্রদর্শনীতে ঠান্ডা গ্যাসচালিত থ্রাস্টার এবং ফ্যানভিত্তিক সাকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে তৈরি থ্রাস্টারগুলো গাড়িটিকে ওপরে তোলা এবং এর গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য পরিকল্পিত। প্রতিষ্ঠানটির দাবি, ফ্যানভিত্তিক বিশেষ সাকশন ব্যবস্থা সর্বোচ্চ দুই জি পর্যন্ত আকর্ষণ বল তৈরি করতে পারে।
অনুষ্ঠানে ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে রসিকতাও করেন মাস্ক। বন্ধু পিটার থিয়েলের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে উড়ন্ত গাড়ির প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত মানুষ পেয়েছিল ১৪০ অক্ষরের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট। ২০২২ সালে টুইটার অধিগ্রহণের আগে প্ল্যাটফর্মটিতে পোস্টের সর্বোচ্চ অক্ষরসীমা ১৪০ ছিল। এ প্রসঙ্গে মাস্ক বলেন, এখন আর সেই পরিস্থিতি নেই।
টেসলার ওয়েবসাইটে নতুন রোডস্টারকে ‘পদার্থবিজ্ঞানের সীমার বাইরে’ বলে বর্ণনা করা হয়েছে। তবে প্রদর্শনীতে উড়ন্ত কৌশল দেখানো হলেও গাড়িটিকে মূলত সড়কে চলাচলের উপযোগী যান হিসেবেই বাজারজাত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মাস্ক।
২০১৭ সালে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার উন্মোচনের পর থেকেই গাড়িটি টেসলার আলোচিত প্রকল্পগুলোর একটি। দীর্ঘ অপেক্ষার পর নতুন মডেলের বিশেষ প্রদর্শনী হলেও এর বাণিজ্যিক উৎপাদন শুরু হতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
নতুন রোডস্টারের প্রযুক্তি বাস্তবে কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে গাড়িটির উড্ডয়নসদৃশ কৌশল, গতি এবং উৎপাদনের সময়সীমা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের নজর এখন টেসলার পরবর্তী পদক্ষেপের দিকে।

