ইয়েমেনে সংঘাতের উত্তাপ, এবার ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হুথিদের এডেন বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুক্রবার (১৬ অক্টোবর) এ দাবি করেছে। এর এক দিন আগে এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলায় ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। খবর আল জাজিরার।

- Advertisement -

ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি জানান, শুক্রবার বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় উড্ডয়নের প্রস্তুতি নেওয়া একটি উড়োজাহাজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে ক্ষেপণাস্ত্র দুটি পড়ে। তবে উড়োজাহাজটির যাত্রী ও ক্রুদের কেউ হতাহত হননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আল-ইরিয়ানি এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি এড়ানোয় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিমানবন্দরে এ ধরনের হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।

তবে হামলার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের প্রতিবেদনে বলা হয়, হুথিদের পক্ষ থেকে এক সামরিক সূত্রের বরাতে দেওয়া বিবৃতিতে এডেন প্রদেশের বদর সামরিক শিবিরে সৌদি বাহিনীর কমান্ড সদরদপ্তর ও একটি অস্ত্রাগার লক্ষ্য করে হামলার দাবি করা হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান কার্যালয় এডেনে অবস্থিত। সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনী এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে শহরটিতে নতুন করে হামলার ঘটনা ঘটল।

এদিকে রাজধানী সানার উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে নিজেদের অগ্রগতির কথা জানিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। শুক্রবার বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিমান সহায়তায় প্রদেশটির পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য এলাকার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানগুলো সুরক্ষিত করা হয়েছে।

সামরিক মুখপাত্র মাজেদ আল-নাজিলির দাবি, গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর অভিযানে ৪৩০ জনের বেশি হুথি যোদ্ধা নিষ্ক্রিয় হয়েছেন। এ সময় বিদ্রোহীদের শতাধিক যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস অথবা ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, সংঘাতের আরেক গুরুত্বপূর্ণ কেন্দ্র তাইজ প্রদেশে হুথিদের একাধিক বড় আক্রমণ প্রতিহত করার দাবি করেছে সরকারি বাহিনী। ওই অভিযানে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশেষায়িত ড্রোন পরিচালনাকারী দলকে আটক করার দাবিও করেছে বাহিনীটি।

গত কয়েক সপ্তাহে তাইজ শহরকে ঘিরে নিজেদের অবস্থান শক্ত করেছে হুথি বিদ্রোহীরা। শহরটির দক্ষিণে এডেনের সঙ্গে সংযোগকারী প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল ও সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। এতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং মানবিক সংকট আরও তীব্র হয়েছে।

এডেন, মারিব ও তাইজে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা এবং ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে ইয়েমেনের সংঘাত নতুন করে জটিল রূপ নিচ্ছে। এর মধ্যে বেসামরিক মানুষের নিরাপত্তা ও জরুরি সহায়তা পৌঁছানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ