উন্নয়নের নামে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রয়োজন অনুযায়ী উন্নয়নকাজ অবশ্যই করতে হবে, তবে তা এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে প্রকৃতির ক্ষতি যতটা সম্ভব কম হয়। কারণ প্রকৃতি রক্ষা করা গেলে এর সুফল শেষ পর্যন্ত দেশের সব মানুষই ভোগ করবে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকার পর বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ওসমানী উদ্যানকে নতুনভাবে সংস্কার করা হয়েছে। একই সঙ্গে সেখানে নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। সংস্কার ও নির্মাণকাজ শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে এটি জনগণের জন্য উন্মুক্ত করা হলো।
তিনি বলেন, শুধু স্থাপনা নির্মাণ করাই যথেষ্ট নয়, এর চারপাশের পরিবেশও সমানভাবে সংরক্ষণ করতে হবে। তাই ভবিষ্যতের যেকোনো উন্নয়ন প্রকল্পে পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, এসব জায়গার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও পরিচ্ছন্নতা তুলনামূলকভাবে ভালো লেগেছে। অন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতেও একই ধরনের পরিচ্ছন্নতা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ওসমানী উদ্যান ও জুলাই স্মৃতিস্তম্ভের পরিচ্ছন্নতা রক্ষায় দর্শনার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে পরিবেশ নষ্ট হয় বা ময়লা-আবর্জনা জমে। একই সঙ্গে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভসহ পুরো স্থাপনাটি রাষ্ট্রের সম্পদ। তাই এটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্য বজায় রাখা কেবল সরকারের নয়, এখানে আসা প্রতিটি নাগরিকেরও দায়িত্ব।

