মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি ও পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। অথচ তাঁর বিরুদ্ধে কোনো ধরনের জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডার নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রধান দায়িত্ব যাঁর, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। দেশবাসী এখন অপেক্ষা করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন।
ইশরাক হোসেনের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে আইন প্রয়োগকারী সংস্থাকে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এর আগে সংসদ সদস্য মিষ্টি পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলামের ভাষ্য, একজন ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা, অনুরোধ কিংবা নির্দেশের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে। এ ধরনের পরিস্থিতি গণতন্ত্র ও আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় সংবিধান সংশোধন কমিটি নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। দেশের মানুষ এ কমিটি প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলামের অভিযোগ, দলীয় ঘরানার বুদ্ধিজীবীদের নিয়ে কমিটির বৈঠক করা হচ্ছে এবং তাঁদের মাধ্যমে বিএনপি নিজেদের অবস্থান থেকে গৃহীত সংস্কারের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড জনগণের সঙ্গে প্রহসনের শামিল।
দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনের সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

