ফেসবুকে সমালোচনা না করে জনসেবায় মনোযোগ দিন: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য ছড়ানোর পরিবর্তে জনগণের বাস্তব সমস্যা সমাধানে কাজ করতে বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। তাই মিথ্যা প্রচারণা দিয়ে তাদের বিভ্রান্ত করা সহজ নয়। সবাইকে নিয়ে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

- Advertisement -

বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিরোধী দলের সমালোচনা করে আমিনুল হক বলেন, সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে কাজ করছে। এমন পরিস্থিতিতে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষার বিষয়ে আন্তরিক হলে মানুষের পাশে দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও প্রচারণায় সময় ব্যয় না করে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, অধিকার নিশ্চিত করা এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পল্লবী-রূপনগরের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা

ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। প্রায় ৪৫ বছর ধরে তিনি এই এলাকায় বসবাস করছেন। সাবেক ফুটবলার ও রাজনৈতিক কর্মী হিসেবে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, এবারের নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করা না হলেও এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। পল্লবী ও রূপনগরের চারটি ওয়ার্ডের বাসিন্দাদের মৌলিক ও সামাজিক সমস্যা সমাধানে তিনি ভবিষ্যতেও কাজ করে যাবেন।

এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সংস্কার, খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ এবং ঢাকা ওয়াসার পানির পাম্পসংক্রান্ত সমস্যাগুলো সমাধানেও তিনি কাজ করছেন।

তিনি আরও বলেন, এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুর রহমান। এ সময় মহানগর নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাউনিয়াবাঁধ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আশরাফ আলী গাজীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ