হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য প্রকাশ করে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটের এক বিবৃতিতে বলা হয়, তাদের সদস্যরা হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন শনাক্ত করে নিরাপদে ভূপাতিত করেছেন।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ড্রোনটির মূল লক্ষ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার অবস্থান শনাক্ত করা। এ উদ্দেশ্যে ড্রোনটি নজরদারি কার্যক্রম চালাচ্ছিল বলে জানিয়েছে আইআরজিসি।
ইরানের বিপ্লবী গার্ডের নৌ বিশেষজ্ঞরা ড্রোন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ধারণা করেছেন, এটি পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি দেশের উপকূল থেকে উড্ডয়ন করেছিল। তবে বিবৃতিতে সংশ্লিষ্ট দেশটির নাম উল্লেখ করা হয়নি।
এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী একটি এমকিউ-১ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবিও করেছিল। ধারাবাহিক এসব ঘটনায় পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় বলে জানিয়েছে ইরান। এরপর থেকে এ পথে জ্বালানিবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে।
এদিকে, বৃহস্পতিবার ইরান আবারও স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে দুই দেশের বিরোধ আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

