বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় নিয়ে হাইকোর্টে শুনানি কাল

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ ও রকেটের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ও স্বেচ্ছাচারী সার্ভিস চার্জ আদায়ের অভিযোগে জারি করা রুলের শুনানির জন্য আগামীকাল দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

- Advertisement -

সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।

এর আগে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) চার্জ নির্ধারণ, গ্রাহকের স্বার্থ ও ভোক্তা অধিকার সংরক্ষণ এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন করা প্রয়োজন কি না, সে বিষয়েও সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও যৌক্তিক লেনদেন ফি নিশ্চিত করার বিষয়টি রিটে গুরুত্ব পেয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন। রুলে অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

এবার ওই রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ