মুহাম্মদ জাহাঙ্গীর আলম.চট্টগ্রাম
চট্টগ্রামের হালিশহড়ে উৎসব সুপারমার্কেটকে ৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নকশাবহির্ভূত স্থাপনায় কার্যক্রম পরিচালনা ও অনুমোদিত নকশার ব্যত্যয়ের দায়ে এ জরিমানা করেছে সিডিএ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিডিএর জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নগরীর হালিশহর এক্সেস রোডে অবস্থিত উৎসব সুপারমার্কেটের আউটলেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন জরিমানার আদেশ দেন।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিডিএ জানিয়েছে, অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয়সহ বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করা হয়। পরে উৎসব সুপারমার্কেট কর্তৃপক্ষকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদন্ডে আদেশও দেওয়া হয়েছে।
এ ছাড়া নকশার ব্যত্যয় হওয়া অংশগুলো আগামী ২৭ নভেম্বরের মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছে সিডিএ।




