মুহাম্মদ জাহাঙ্গীর আলম. চট্টগ্রাম
চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী।
সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন গণমাধ্যমকে বলেন, আজ হুজুরের দোয়া নিতে ফটিকছড়ি এসেছি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায় নীতি অনুসরণ করে এবং তাঁর আদর্শ ধারণ ও লালন করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন। প্রতিমন্ত্রী বলেন, জ্ঞান কিন্তু জিয়ারত করে আসে না, জ্ঞানের কাছে জিয়ারত করে যেতে হয়। তাই আমিরে হেফাজতের সঙ্গে দেখা করে দোয়া নিতে এসেছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করছেন সর্বজনশ্রদ্ধেয় আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হেফাজত আমিরের সঙ্গে দেখা করতে তিনি আগ্রহী ছিলেন। রাজনীতিতে ধর্মের ব্যবহার প্রসঙ্গে শামীম কায়সার লিংকন বলেন, রাজনীতিতে ধর্মকে ব্যবহার করার অনেক নজির রয়েছে। এ ক্ষেত্রে হেফাজত আমির যথেষ্ট সজাগ, সচেতন ও সতর্ক থেকে ইতিবাচক ভূমিকা পালন করছেন। কোরআন ও সুন্নাহর আলোকে ধর্মের অপব্যবহার নিরুৎসাহিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন বিষয়ে যে পরামর্শ, চাপ কিংবা জন-আকাঙ্খার প্রতিফলন সরকারের কাছে আসে, সেগুলোকে চাপ হিসেবে না দেখে গঠনমূলক পরামর্শ হিসেবে দেখা হয়। সরকারের ওপর এ ধরনের গঠনমূলক চাপ থাকা প্রয়োজন, যাতে ভুলক্রটি এড়ানো সম্ভব হয়।
এ ব্যাপারে হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর ছেলে মুফতি আইয়ুব বাবুনগরী গণমাধ্যমকে বলেন, শনিবার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী মাদ্রাসায় এসে তাঁর বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর দোয়া নেন। তিনি বলেন, সাক্ষাৎকালে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, ওলামা-মাশায়েখদের সঙ্গে নিয়ে তিনি ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করতে চান। তিনি কোনো বিশেষ গোষ্ঠীর ধর্ম প্রতিমন্ত্রী নন, বরং সবার ধর্ম প্রতিমন্ত্রী। সবার সঙ্গে মিলেমিশে কাজ করার প্রত্যয় ও ব্যক্ত করেছেন তিনি।
প্রসঙ্গত, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ।




