ঘিওরে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, পরিবারকে হুমকির দাবি

নিজস্ব প্রতিবেদক
spot_img

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ৩৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শামছুল (৪৫) নামের স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। থানায় অভিযোগ দেওয়ার পর ভুক্তভোগীর পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে।

- Advertisement -

গত ২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে মামলা সূত্রে জানা গেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভুক্তভোগী নারীকে বাড়িতে রেখে স্থানীয় একটি বাজারে চা পান করতে যান তাঁর বাবা। এ সময় বাড়িতে একা পেয়ে শামছুল ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই নারীকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার সাত দিন পর, গত ৯ অক্টোবর ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে ১২ অক্টোবর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহাব্বত কবির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তবে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ