ফরিদপুরে অসচ্ছল পরিবারকে নতুন ঘর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ নারী পেলেন সেলাই মেশিন, কর্মসংস্থান ও চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

অসহায় ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগের অংশ হিসেবে ফরিদপুরে একটি দরিদ্র পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে ১০ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি পরিবারকে কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার খরচ মেটাতে সহযোগিতা দেওয়া হয়।

- Advertisement -

বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আয়োজকদের মতে, এসব সহায়তার মূল লক্ষ্য শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলা নয়, বরং অসচ্ছল পরিবারগুলোর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা এবং তাঁদের আয়-রোজগারের সুযোগ তৈরি করা। সেলাই মেশিন পাওয়া নারীরা এর মাধ্যমে নিজ উদ্যোগে উপার্জনের সুযোগ পাবেন। অন্যদিকে, কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা পাওয়া পরিবারগুলোও নিজেদের আয় বাড়ানোর উদ্যোগ নিতে পারবে।

নতুন ঘর পেয়ে লকাই বিশ্বাসের পরিবারের আবাসনসংকট কিছুটা লাঘব হবে বলে আশা করছেন আয়োজকেরা। পাশাপাশি চিকিৎসাসহায়তা অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা চালিয়ে নিতে সহায়ক হবে বলে তাঁদের প্রত্যাশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোরদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় বিএনপির নেতারা।

অসহায় মানুষের আবাসন, কর্মসংস্থান ও চিকিৎসায় সহায়তা দেওয়ার এ উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং দীর্ঘ মেয়াদে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।

সর্বশেষ