দাম্মাম-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত ১৮ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সৌদি আরবের বিমানবন্দরে হুতি হামলার ঘটনার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে সৌদি আরবে যাতায়াতের জন্য বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা রুট ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

- Advertisement -

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

এদিকে যাত্রীদের বিকল্প পথে সৌদি আরবে যাতায়াতের সুবিধা দিতে মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগে এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হলেও এখন তার পরিবর্তে বোয়িং ৭৭৭ যুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিটি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসনের ব্যবস্থা হয়েছে।

পাশাপাশি যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত থাকায় যাত্রীদের যাতায়াতের বিকল্প সুযোগ তৈরি করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের টিকিট, ভ্রমণ এবং ফ্লাইটসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে নিকটস্থ বিক্রয়কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

সংশ্লিষ্ট ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত যাত্রীদের ভ্রমণের আগে সময়সূচি ও টিকিটের অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ