দুর্গাপূজায় ঢাকায় ২১০০ অতিরিক্ত পুলিশ, ২৪ ঘণ্টা নজরদারিতে ২৫৭ মণ্ডপ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকার ২৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রতিটি মণ্ডপে দিন-রাত ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত ২ হাজার ১০০ পুলিশ সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।

- Advertisement -

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর ঢাকা মহানগরীতে মোট ২৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপগুলোর গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় চারটি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।

তিনি জানান, পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা এবং পুলিশের বডিওর্ন ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। গুরুত্বপূর্ণ প্রবেশপথে বসানো হয়েছে আর্চওয়ে। পাশাপাশি মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে মণ্ডপের আশপাশে নিয়মিত টহল দেওয়া হবে। সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারির পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত থাকবে পুলিশ। জরুরি প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে ডিএমপির সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত ২ হাজার ১০০ পুলিশ সদস্য ২৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করবেন।

বিসর্জন শোভাযাত্রায় বিশেষ নিরাপত্তা

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে রাজধানীতে আলাদা নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পথে জনসমাগম ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

এ সময় শোভাযাত্রা নির্বিঘ্ন রাখা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।

নগরবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ