কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ১৫ ঘণ্টা পর দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাঁদের হস্তান্তর করা হয়। মাদক উদ্ধারে অভিযান চালানোর সময় এক কনস্টেবল অনিচ্ছাকৃতভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করলে এ ঘটনা ঘটে। পরে সহকর্মীকে ফিরিয়ে আনতে গিয়ে আটক হন আরেক পুলিশ সদস্য।

- Advertisement -

ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন তাঁদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৫০ মিনিটে তাঁদের বাংলাদেশি প্রতিনিধি দলের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

যেভাবে সীমান্তের ওপারে গেলেন দুই পুলিশ সদস্য
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের কাছে মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন।

তাঁকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে স্থানীয় ভারতীয় বাসিন্দারা তাঁকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন।

সহকর্মীকে ফিরিয়ে আনতে গিয়ে এএসআই ইমরান হোসেনও বিএসএফের হাতে আটক হন। এতে সীমান্ত এলাকায় দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যোগাযোগ ও আলোচনার প্রয়োজন দেখা দেয়।

আলোচনা শেষে হস্তান্তর
ঘটনার পর দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিবি ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেন। রাত থেকেই তাঁদের ফেরত আনার বিষয়ে আলোচনা চলছিল। প্রায় ১৫ ঘণ্টার প্রচেষ্টার পর শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হয়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকেই আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছিল। শুক্রবার দুপুরে তাঁদের বাংলাদেশি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ