মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বরযুক্ত ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ, উপকরণ ও নকশা অনুসরণ করে নম্বরপ্লেট লাগাতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ। এতে বলা হয়েছে, মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডি প্রযুক্তিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেকটিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান আগে থেকেই রয়েছে। এবার যানবাহনের সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের নম্বরপ্লেট তৈরি ও স্থাপন করতে হবে। এ ক্ষেত্রে প্লেটের আকার, অক্ষর ও সংখ্যার উচ্চতা এবং রং নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।

স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ আলাদা

বিআরটিএর বিজ্ঞপ্তিতে স্কুটার এবং অন্যান্য মোটরসাইকেলের জন্য পৃথক মাপ নির্ধারণ করা হয়েছে।

স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার রাখতে হবে। দুই ধরনের নম্বরপ্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং নিবন্ধন নম্বর লেখা থাকবে কালো রঙে। এতে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান, অতিরিক্ত নকশা বা সাজসজ্জা রাখা যাবে না।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটিমাত্র অনুভূমিক রেখায় লেখার সুযোগ রাখা হয়েছে। তবে এ ক্ষেত্রেও বিজ্ঞপ্তিতে নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত মানতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালনের আহ্বান

বিআরটিএ সংশ্লিষ্ট মোটরসাইকেলমালিকদের ১৫ নভেম্বরের মধ্যে সামনের অংশে নির্ধারিত নিয়মে নম্বরপ্লেট লাগিয়ে তা দৃশ্যমান রাখার আহ্বান জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

নতুন নির্দেশনায় মোটরসাইকেলের সামনের ও পেছনের নিবন্ধন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই নম্বরপ্লেট তৈরির আগে মালিকদের নিজ নিজ মোটরসাইকেলের ধরন অনুযায়ী সঠিক মাপ নিশ্চিত করা এবং নির্ধারিত রং ও উপকরণ ব্যবহার করা প্রয়োজন।

সর্বশেষ