জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা ছাড়াল ৪২ লাখ, নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

জাপানে বসবাসকারী বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি বছরের জুনের শেষ নাগাদ দেশটিতে বিদেশি বাসিন্দার সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৮১ হাজার ২৬ জনে। গত বছরের ডিসেম্বরের তুলনায় এ সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৩১ জন বেড়েছে, যা ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি। বর্তমানে জাপানের মোট জনসংখ্যার ৩ দশমিক ৪৮ শতাংশ বিদেশি নাগরিক।

- Advertisement -

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির (আইএসএ) পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বসবাসের অনুমতির ধরন বিবেচনায় জাপানে সবচেয়ে বেশি রয়েছেন স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশিরা। এ শ্রেণিতে রয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৩০০ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন প্রকৌশলী, মানবিক বিষয়ে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সেবায় নিয়োজিত বিদেশি কর্মীরা। এ শ্রেণির বাসিন্দার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ২০০। এ ছাড়া দেশটিতে ৪ লাখ ৭৯ হাজার ৬০০ বিদেশি শিক্ষার্থী বসবাস করছেন।

জাতীয়তা অনুযায়ী, জাপানে বিদেশি বাসিন্দাদের মধ্যে শীর্ষে রয়েছেন চীনা নাগরিকেরা। দেশটিতে তাদের সংখ্যা ৯ লাখ ৪১ হাজার। দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের নাগরিকের সংখ্যা ৬ লাখ ৯৩ হাজার ৮০০। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ৪ লাখ ৮ হাজার ৭০০ এবং ফিলিপাইনের ৩ লাখ ৬২ হাজার ৮০০ নাগরিক জাপানে বসবাস করছেন।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বিদেশি বাসিন্দাদের সবচেয়ে বড় অংশের অবস্থান রাজধানী টোকিওতে। সেখানে ৮ লাখ ২৪ হাজারের বেশি বিদেশি নাগরিক রয়েছেন। বিদেশি বাসিন্দার সংখ্যার দিক থেকে পরবর্তী অবস্থানে রয়েছে ওসাকা, আইচি, কানাগাওয়া ও সাইতামা প্রদেশ।

তবে বিদেশি বাসিন্দার সংখ্যা বাড়লেও বছরের প্রথম ছয় মাসে জাপানে বিদেশি নাগরিকদের সফরের সংখ্যা সামান্য কমেছে। এ সময়ে দেশটিতে ১ কোটি ৯৭ লাখ ৭ হাজার বিদেশি নাগরিক ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ হাজার ৫০০ কম।

এ ছাড়া অস্থায়ী সফরসহ বিভিন্ন ধরনের অনুমতি নিয়ে জাপানে প্রবেশ করা বিদেশি নাগরিকের সংখ্যাও কমেছে। গত বছরের অক্টোবরে এ ধরনের অনুমতি পাওয়ার শর্ত কঠোর করা হয়েছিল। এর প্রভাবে বিদেশি নাগরিকদের আগমনের সংখ্যা কমে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও জাপানে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে। চলতি বছরের ১ জুলাই পর্যন্ত এ ধরনের নাগরিকের সংখ্যা ছিল ৬৫ হাজার ২০০ জন। গত জানুয়ারির তুলনায় এ সংখ্যা ৩ হাজার ৩০০ কম।

বিদেশি বাসিন্দার সংখ্যা বৃদ্ধির মধ্য দিয়ে জাপানে আন্তর্জাতিক জনসংখ্যার উপস্থিতি আরও বাড়ার চিত্র উঠে এসেছে। একই সঙ্গে দেশটিতে বিদেশিদের বসবাস, কর্মসংস্থান ও প্রবেশসংক্রান্ত নীতিমালাও আলোচনায় রয়েছে।

সূত্র: দ্য জাপান টাইমস

সর্বশেষ