দুর্গাপূজায় শুভেচ্ছা জানাতে এক দিনে তিন জেলায় যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এক দিনের সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁর এ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে।

- Advertisement -

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে সামরিক বিমানে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন।

রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন।

রাজশাহী সফরে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি একটি জনসভায়ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভা শেষে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জ এলাকার জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

রাজশাহীতে নিরাপত্তা ও সমন্বয় জোরদার

প্রধানমন্ত্রীর সফর এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আরএমপি কার্যালয়ে প্রায় এক ঘণ্টা ধরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

সভায় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধানমন্ত্রীর এ সফরে তিন জেলার পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি রাজশাহীর জনসভাও রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে। সফর ঘিরে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

সর্বশেষ