মোঃ মোক্তার হোসেন বাবু:চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের ঐতিহ্য লালন করে আসছেন। এ ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ কাট্টলীর উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীর মঙ্গলপ্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, ধর্মীয় বিশ্বাস ও বর্ণের ভিন্নতা থাকলেও চট্টগ্রামের মানুষ পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্যের মাধ্যমে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এই সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ দেশের অন্যতম শক্তি। একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, উৎসব মানুষের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করে। ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী করা সম্ভব। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন, যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে নিজের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন এবং নাগরিক হিসেবে সমান মর্যাদা ভোগ করবেন।
সংসদ সদস্য বলেন, চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ প্রত্যাশা করেন। রাষ্ট্রের কাছে সবার সমান অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হলে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি শিপন চৌধুরী। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক সুজন কুমার নাথ।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আবুল হাশেম, মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া এবং পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক নকুল চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও আয়োজকরা।

