পাঁচ দিনেই শেষ ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার অধ্যায় প্রথম ব্রিফিংয়ে দুর্বলতা, সাক্ষাৎকারে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারিয়ার দায়িত্বের অবসান ঘটছে মাত্র পাঁচ দিনের মাথায়। প্রথম সংবাদ সম্মেলনে অনভিজ্ঞতার প্রকাশ, আইনজীবী হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে বিভ্রান্তি এবং পরবর্তী সময়ে টেলিভিশন সাক্ষাৎকারে বিতর্কিত প্রতিক্রিয়া তাঁর বিদায়ের পথ তৈরি করেছে বলে জানিয়েছে সিএনএন।

- Advertisement -

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দায়িত্বে জাকারিয়াকে আর বহাল রাখা বাস্তবসম্মত মনে করছেন না ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, জাকারিয়া প্রেস সেক্রেটারির পদ থেকে সরে যাচ্ছেন। ট্রাম্পের এক উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে তিনি হোয়াইট হাউস ছাড়বেন।

শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প নিজেই জাকারিয়াকে দায়িত্ব নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দেন। তিনি বলেন, জাকারিয়ার সঙ্গে হোয়াইট হাউসে ফিরে কথা বলবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত তাঁর ওপর ছেড়ে দেবেন। তবে একই সঙ্গে ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয়, এই পদে জাকারিয়ার থাকা নিয়ে তিনি নিজেও আশাবাদী নন।

ট্রাম্প বলেন, তিনি জাকারিয়াকে প্রশ্ন করেছিলেন, এই দায়িত্ব তাঁর প্রয়োজন কি না। প্রেসিডেন্টের মন্তব্য ছিল, ‘হয়তো এই কাজটা তাঁর জন্য নয়।’

প্রথম ব্রিফিংয়েই প্রশ্নের মুখে
রক্ষণশীল মতাদর্শের টেলিভিশন ভাষ্যকার হিসেবে পরিচিত জাকারিয়াকে দ্রুততার সঙ্গে প্রেস সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। অতীতে ট্রাম্পের সমালোচনা করেছিলেন—এমন কয়েকজন সম্ভাব্য প্রার্থীকে বিবেচনার বাইরে রাখার পর তাঁকে বেছে নেওয়া হয় বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই চাপে পড়েন জাকারিয়া। মঙ্গলবার হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁকে স্নায়ুচাপগ্রস্ত দেখাচ্ছিল। সেদিন তিনি মাত্র তিনটি প্রশ্নের উত্তর দেন।

একই দিনে তাঁর আইনজীবী হিসেবে যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। নিয়োগের সময় ট্রাম্প তাঁকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু কোন অঙ্গরাজ্যে আইনজীবী হিসেবে কাজ করার জন্য তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর উত্তর বিভ্রান্তি তৈরি করে।

পরে ফক্স নিউজকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে জাকারিয়া জানান, তিনি কখনো বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। এসব সাক্ষাৎকারে তাঁর প্রতিক্রিয়াও সমালোচনার জন্ম দেয়। পাশাপাশি, আবার হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হবেন কি না, সে বিষয়েও তিনি স্পষ্ট অবস্থান জানাননি।

সাক্ষাৎকারের পর বদলে যায় পরিস্থিতি
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, প্রথম সংবাদ সম্মেলনে জাকারিয়ার পারফরম্যান্স নিয়ে ট্রাম্প শুরুতে তাঁর কয়েকজন উপদেষ্টার মতো কঠোর অবস্থানে ছিলেন না। কিন্তু পরবর্তী সময়ে ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারগুলো পরিস্থিতি বদলে দেয়। বিশেষ করে বৃহস্পতিবার রাতে শন হ্যানিটির অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং এ নিয়ে ট্রাম্পের মিত্রদের সঙ্গে আলোচনা প্রেসিডেন্টের মনোভাবকে প্রভাবিত করে।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি সিএনএনকে জানান, জাকারিয়াকে নিয়ে উপদেষ্টা ও ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনায় ট্রাম্প মন্তব্য করেছিলেন, তিনি হয়তো ‘বড় মঞ্চের জন্য এখনো প্রস্তুত নন’।

তবে জাকারিয়ার প্রতি ব্যক্তিগতভাবে ট্রাম্পের বিরূপ মনোভাব তৈরি হয়েছে—এমনটি মনে করছেন না তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটির দাবি, ট্রাম্প এখনো জাকারিয়াকে সম্মান করেন এবং পছন্দ করেন। শুক্রবার রাতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সরকারি বাসভবনে জাকারিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে ভ্যান্স ও তাঁর পরিবারের। প্রশাসনের ভেতরে জাকারিয়ার প্রতি ইতিবাচক মনোভাবের ইঙ্গিত হিসেবেও বিষয়টি দেখছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

জর্জিয়ায় একটি রাজনৈতিক সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, গণমাধ্যম জাকারিয়ার সঙ্গে অন্যায় আচরণ করেছে। একই সঙ্গে তিনি তাঁকে নিজের অনুগত সমর্থক হিসেবে উল্লেখ করেন। তবে তাঁর বক্তব্যে প্রেস সেক্রেটারি হিসেবে জাকারিয়ার উপযুক্ততা নিয়ে সংশয়ও প্রকাশ পায়।

স্কারামুচির রেকর্ডও ছাড়ালেন জাকারিয়া
মাত্র পাঁচ দিনের এই দায়িত্বকাল হোয়াইট হাউসের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম স্বল্পস্থায়ী মেয়াদ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১৭ সালে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে অ্যান্থনি স্কারামুচি ১১ দিন দায়িত্ব পালনের পর বিদায় নিয়েছিলেন। এত দিন তাঁর সংক্ষিপ্ত মেয়াদকে হোয়াইট হাউসের অস্থির নিয়োগের অন্যতম উদাহরণ হিসেবে দেখা হতো।

জাকারিয়ার ক্ষেত্রে নিয়োগের পর দ্রুত বিতর্ক তৈরি হওয়া, সাংবাদিকদের প্রশ্ন সামলাতে দুর্বলতা এবং টেলিভিশন সাক্ষাৎকারে সৃষ্ট পরিস্থিতি তাঁর দায়িত্বের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনে তাঁর অধ্যায় পাঁচ দিনের মধ্যেই শেষ হচ্ছে।

সূত্র : সিএনএন

সর্বশেষ