নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অব্যাহতির আবেদনে সম্মতি দিয়েছেন।
বেলা ২টার পর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শুরু করেন ইশরাক। সেখানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন হতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল ও অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।’
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ইশরাক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’
গত কয়েক দিন ধরে তাঁকে ঘিরে চলা আলোচনা ও সংবাদ প্রকাশের বিষয়েও কথা বলেন এই প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, দেশি-বিদেশি গণমাধ্যমে ঘটনাটি নিয়ে কিছু সত্য তথ্যের পাশাপাশি অতিরঞ্জিত ও কল্পনানির্ভর বর্ণনাও প্রকাশ করা হয়েছে। এতে তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং হেয় করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, এ ঘটনায় দলও বিব্রত হয়েছে।
এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইশরাক জানিয়েছিলেন, বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত ঘোষণা দেবেন। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরার কথাও জানান তিনি।
মাদকবিরোধী অভিযান নিয়ে বিতর্ক
নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত অস্ত্র প্রদর্শনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে পড়েন ইশরাক হোসেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়। তবে সে সময় ইশরাক এমন খবর সঠিক নয় বলে দাবি করেছিলেন।
সোমবারের সংবাদ সম্মেলনে তিনি সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ তুলে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তবে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার ঘোষণা এবং প্রধানমন্ত্রীর সম্মতির দাবি ছাড়া এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়ার বিস্তারিত জানা যায়নি।
প্রেসক্লাবে হট্টগোল
সংবাদ সম্মেলনে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হন ইশরাক হোসেন। তাঁদের উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম হয় এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলন শুরুর আগে ‘মোবাইল সাংবাদিকদের’ বের হয়ে যেতে বলা হলে এ নিয়ে হট্টগোল শুরু হয়। পরে সব সাংবাদিকের উপস্থিতিতেই সংবাদ সম্মেলন শুরু করেন ইশরাক।
সংবাদ সম্মেলনে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে সাম্প্রতিক বিতর্কে নিজের বক্তব্য তুলে ধরে ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

