সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: পবিত্র স্থানকে ঘিরে এমন অপরাধ গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র নিয়তে মানুষ আল্লাহর ঘরে যায়। সেখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো কোনোভাবেই ঠিক নয়।

- Advertisement -

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিক। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের সঙ্গে দেশটির সুসম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর ও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্যের ঘাটতি রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। ঘটনার কোথায় তথ্যগত ঘাটতি বা যোগাযোগের সমস্যা ছিল, তা খতিয়ে দেখতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

তিনি বলেন, যে অভিযোগের ভিত্তিতে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক ও হতাশার। মক্কায় যাওয়ার উদ্দেশ্য পবিত্র হওয়া উচিত। সেখানে গিয়ে কোনো অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ সত্য হলে তা স্বাভাবিকভাবেই উদ্বেগজনক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে প্রচলিত আইন ও দণ্ডনীয় অপরাধ সম্পর্কে দেশটিতে যাতায়াতকারী প্রত্যেকের সচেতন থাকা প্রয়োজন। সেখানে অপরাধ সংঘটিত হলে স্থানীয় আইন অনুযায়ী বিচার ও শাস্তির বিধান রয়েছে।

হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগের ঘাটতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সর্বশেষ