ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পবিত্র ওমরাহ পালনের আশায় সৌদি আরবের মক্কায় গিয়ে আর দেশে ফেরা হলো না রাজশাহীর জহুরা বেওয়ার (৬৮)। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -

জহুরা বেওয়া রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী।

শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে মক্কায় তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ছেলে মাওলানা তহুরুল ইসলামের সঙ্গে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়েন জহুরা বেওয়া। পরে বাংলাদেশ সময় শনিবার বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

জহুরা বেওয়ার ছেলে মাওলানা তহুরুল ইসলাম জানান, মায়ের সঙ্গে পবিত্র ওমরাহ পালনের জন্য তিনিও সৌদি আরবে গিয়েছিলেন। আগামী ২৩ অক্টোবর তাঁদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু এর আগেই মায়ের মৃত্যুতে সেই পরিকল্পনা বদলে গেছে।

তিনি জানান, মক্কাতেই তাঁর মায়ের দাফন সম্পন্ন করা হবে। মায়ের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তহুরুল ইসলাম।

সর্বশেষ