জিইসি থেকে ফয়’স লেক: অবৈধ স্থাপনা ও বিলবোর্ড উচ্ছেদে চসিকের অভিযান

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফেরানো এবং সৌন্দর্য রক্ষায় অবৈধ স্থাপনা, বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরের জিইসি মোড় থেকে ফয়’স লেক পর্যন্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

- Advertisement -

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়কের পাশের অবৈধ স্থাপনা এবং অপরিকল্পিতভাবে লাগানো প্রচারসামগ্রী অপসারণ করা হয়। এসব স্থাপনা ও প্রচারসামগ্রীর কারণে নগরের সৌন্দর্য ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।

অভিযানকালে প্রশাসক বলেন, নগরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। অপরিকল্পিতভাবে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার স্থাপন করে নগরের পরিবেশ নষ্ট করা যাবে না।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নাগরিক দুর্ভোগ কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্থাপনা ও অনুমোদনহীন প্রচারসামগ্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চসিকের এ কার্যক্রমের লক্ষ্য নগরের গুরুত্বপূর্ণ সড়কের পরিবেশ উন্নত করা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা। অভিযানকালে উপস্থিত ছিলেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।

সর্বশেষ