কাতারের প্রতিষ্ঠান কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ২৩ ডিসেম্বরের জন্য কাতার থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ চালান কেনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত বিদ্যমান মূল্যের পরিবর্তে নতুন মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কারের (জেকেএম) বাজারদরের তুলনায় ১০ সেন্ট কম রাখা হবে। এ জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করেছে কমিটি।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সুপারিশের মাধ্যমে প্রস্তাবিত এলএনজি কেনার পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।

